বুধবার, ১৩ মে ২০২৬ ইং         ০৬:২৮ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনী জেলা আঃ লীগ সভাপতি আকরামুজ্জামানের ইন্তেকাল : দাফন সোমবার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি, ফেনীর জেষ্ঠ্য আইনজীবি ও মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান (৭৫) রবিবার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।)

    করোনা আক্রান্ত হয়ে গত ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু স্বজন রেখে যান। তিনি ছিলেন বৃহত্তর নোয়াখালীর প্রখ্যাত আইনজীবি নুরুজ্জামান উকিলের কনিষ্ঠ সন্তান। সোমবার বিকেল ৫টায় ফেনী সদরের মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া গ্রামের পাটোয়ারি বাড়ির সামনে নামাজে জানাযাশেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

    তাঁর মৃত্যুতে ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী গভীর শোক প্রকাশ করেন। এছাড়া জেলা আইনজীবি সমিতির সভাপতি সাহাবউদ্দিন, সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরি, ফেনী ডায়াবেটিক সমিতির পক্ষে সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন।

    ফেনীর প্রবীণ রাজনীতিক আকরামুজ্জামান ১৯৬৭ সালে মহকুমা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। মুক্ত স্বদেশে ফিরে ন্যাপ ( মোজাফফর ) এর সাথে যুক্ত হন। পরে আশির দশকে যোগ দেন আওয়ামীলীগে। তিনি ’৮৪ তে জেলা আন্দোলনের সাথেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বহু বছর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি থাকার পর গত বছর জেলা সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন।

    এর বাইরে তিনি ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি ও কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব এর ফেনী শাখার সভাপতি ছিলেন। তিনি জেলা আইনজীবি সমিতিরও বার বার নির্বাচিত সভাপতি ছিলেন এবং রোটারী ক্লাব অব ফেনীর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন। তিনি ফেনী জজ আদালতে পিপি (সরকারী কৌসূলী) র দায়িত্বও পালন করেন।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.
    Developed by SKILL BASED IT - SBIT